যুক্তরাষ্ট্রের বড় অংশজুড়ে শীতল ঝড় ও ভারী তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে, দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ঝড় থামার পর আসছে বড় বিপদ, মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ঝড়ের পর সপ্তাহান্তে তীব্র ঠান্ডা পড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে কিছুকিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ফারেনহাইট (-৪৫ ডিগ্রি সেলসিয়াস) এর কাছাকাছি নেমে যেতে পারে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে শীতলতার মাত্রা রেকর্ড ভাঙতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে আইওয়া অঙ্গরাজ্য ঢেকে গেছে ১০ ইঞ্চি পুরু তুষারে, সোমবার এই অঙ্গরাজ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের শীত পরিস্থিতিকে আবহাওয়ার পূর্বাভাসদাতারা ‘জীবনহরণকারী মাত্রার মারাত্মক শীত’ হিসেবে অভিহিত করেছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে। শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত বিভিন্ন স্থানে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়ার এই অবস্থার কারণে শুক্রবার পর্যন্ত দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার বেশিরভাগ শিকাগো থেকে উড়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। যাদের মধ্যে মিশিগান এবং উইসকনসিন সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।