জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট লোগান কাপের ম্যাচে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেছেন আন্তুম নাকভি। যা জিম্বাবুয়ের কোনো দলের হয়ে যে কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে প্রথম ত্রিশতক।
কাল হারারেতে লোগান কাপে মাটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে মিড ওয়েস্ট রাইনোজের হয়ে যখন নাকভি তৃতীয় দিন ব্যাটিং করতে নামেন ততক্ষণে তার ২৫০ রান ছাড়িয়ে গেছেন। এরপর মধ্যাহ্নভোজের আগেই তিনি ছক্কা মেরে ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৪৪৪ মিনিট ক্রিজে কাটিয়ে ২৯৫ বলে ৩০০ রানের ইনিংসটিতে ছিল ৩০টি চার ও ১০ ছয়। ত্রিশতক হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে দেয় মিড ওয়েস্ট রাইনোজ।
নাকভি অবশ্য জিম্বাবুয়েতে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড অল্পের জন্য যদিও ছুঁতে পারেননি। ২০০০-০১ মৌসুমে জিম্বাবুয়ে সফরে গিয়ে ৩০৬ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের মার্ক রিচার্ডসন। সেটা হয়তো সহজেই ছাড়িয়ে যেতে পারতেন তিনি। তবে ৩ উইকেটে ৫৩৮ রান করে নাকভি নিজেই। তারা লিড নিয়েছিল ৪১০। এখন পর্যন্ত মাটাবেলেল্যান্ড টাস্কার্সের সংগ্রহ ৪ উইকেট ২০৬ রান।
নাকভির জন্ম জিম্বাবুয়েতে নয়, বেলজিয়ামে। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তিনি আবার বাণিজ্যিক পাইলটও। আর এই পরিচয়টা তিনি দিতেও পছন্দ করেন। সে কারণেই তো এক্স, ইনস্টাগ্রামে ক্রিকেটার পরিচয়ের সঙ্গে পাইলটও পরিচয় দেওয়া আছে। তবে ক্রিকেটটাও যে বেশ ভালোই খেলেন, সেটির অন্যতম প্রমাণ মিড ওয়েস্ট রাইনোজের অধিনায়ক তিনি।
নাকভি দ্বিতীয় প্রবাসী ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করলেন। এর আগে ১৯৩২ সালে পানামায় জন্ম নেওয়া জর্জ হেডলি জ্যামাইকার হয়ে অপরাজিত ৩৪৪ রানের ইনিংস খেলেছিলেন।