প্রথম ম্যাচেই 'সুপার টিম' খেলবে ইন্টার মায়ামির

এ মৌসুমে বড় কিছুতেই চোখ মেসিদের। সে লক্ষ্যে এবার শুরু থেকেই মনোযোগী ইন্টার মায়ামি। বিশেষ করে প্রস্তুতি ম্যাচগুলো দিয়ে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে মরিয়া ইন্টার মায়ামি। বিরতি শেষে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। আজ আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নামছে মেসিরা। এর মধ্যে সংবাদ সম্মেলনে সমর্থকদের পরিচয় করিয়ে দেওয়া হবে নতুন যোগ দেওয়া উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকেও। 

গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের প্রথম শিরোপা জেতা দলটি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৯ জানুয়ারি শুক্রবার। এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে এ ম্যাচে ‘সুপার টিম’ নিয়েই ইন্টার মায়ামি মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। ইন্টার মায়ামির এ দলে মেসির সঙ্গে অভিষেক হবে সুয়ারেজের। সঙ্গে থাকবেন দলের দুই স্প্যানিয়ার্ড সের্জিও বুসকেটস ও জর্ডি আলবাও।

এল সালভাদরের বিপক্ষে ম্যাচটা অবশ্য কেবলই শুরু। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরে বেশি কিছু ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রাক্‌-মৌসুমে মেসি-সুয়ারেজদের মায়ামি প্রস্তুতির লক্ষ্যে ম্যাচ খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল (যদিও চোটের কারণে নেইমারকে দেখা যাবে না), ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং একাদশ, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে। এই ম্যাচগুলো দিয়েই মূলত নতুন মৌসুমে সব জেতার লক্ষ্যে প্রস্তুত হবে তারা।

নতুন এই মিশনে নামার আগে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, তাঁর লক্ষ্য মেসির কাছ থেকে সেরাটা বের করে আনা। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘আমরা এই পথ খুঁজে বের করার চেষ্টা করছি, যাতে খেলোয়াড়দের সেরাটা পাওয়া যায়। বিশেষ করে লিওর (মেসি)।’