মনপুরায় জলপাই রঙের ৪০ কেজির বিরল কচ্ছপ উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় সংরক্ষিত বনে আটকে থাকা অবস্থায় ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি অলিভ রিডল সি (জলপাইরঙা) নামের জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। ১৮ দিন আগে একই প্রজাতির ৬০ কেজি ওজনের আরেকটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করেছিল বন বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে বিকালে ৪টায় মনপুরা দখিনা হাওয়া সমুদ্রসৈকতসংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগের মনপুরা পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে তাদের জানান। তখন মেঘনায় টহলে থাকা বন বিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বন বিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকালে দখিনা হাওয়া সমুদ্রসৈকতসংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।

মনপুরা উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, মনপুরায় ১৮ দিনের ব্যবধানে ৪০ কেজি ওজনের অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, এটিকে জলপাইরঙা সাগর কাছিম বা পান্না কাছিম বলা হয়। এর ইংরেজি নাম হলো Olive ridley sea turtle। এই প্রজাতির কাছিম প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এলাকার উষ্ণ পানিতে বাস করে।