সেনা প্রত্যাহার,মোদির বিরুদ্ধে কটুক্তির কারণে ভারত-মালদ্বীপ সম্পর্ক যখন ক্রমশ শীতল হচ্ছে তখন ভারতবিরোধী সুর আরও চড়া করলেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। চীন সফর করে এসেই ভারতকে কড়া কথা শুনিয়ে দিলেন তিনি। পাঁচদিনের চীন সফর শেষে শনিবার মুইজ্জু এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ছোট হতে পারি, এ কারণে আমাদের ধমক দিয়ে কথা বলার লাইসেন্স আপনাদের নেই।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবারের এই মন্তব্যের মাধ্যমে ভারতকেই বিশেষ বার্তা দিল মালদ্বীপ। দুই দেশের মধ্যে দা–কুমড়ো সম্পর্ক চলছে। এর মধ্যেই মালদ্বীপে যাওয়া বয়কট করেছেন অনেক ভারতীয় পর্যটক। এর জেরে মুইজ্জু চীনকে অনুরোধ করেছেন, তারা যেন মালদ্বীপে পর্যটক পাঠায়।
এর আগে বেইজিং জানায়, তারা মালদ্বীপে বাইরের কারও হস্তক্ষেপ সমর্থন করবে না। এই দ্বীপদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে।
মালদ্বীপ ও চীনের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের স্বার্থে দুই দেশ এক হয়ে কাজ করতে আগ্রহী। চীন সবসময় মালদ্বীপকে সমর্থন দেবে। এমনকি দেশটির উন্নয়ন নিয়েও চীন পাশে আছে।
ভারতের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি মালদ্বীপের ক্ষমতায় আসেন চীনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জু। এসেই দ্বীপরাষ্ট্রে থাকা ভারতীয় সেনা হটানোর তোরজোড় শুরু করেন তিনি। এরপর গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপাত্মক পোস্ট করেন মালদ্বীপের তিন মন্ত্রী। এর জেরে ভারতের সর্বস্তর থেকে মালদ্বীপ বয়কটের ডাক ওঠে।
এই পরিস্থিতিতে নিজের প্রথম বিদেশ সফরে চীনে যান মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। সেখানে গিয়ে বেইজিং যে মালের পাশেই থাকবে এই প্রতিশ্রুতি পেয়ে দেশে ফিরেই ভারতবিরোধী সুর চড়ালেন তিনি।