'শূন্যে' শেষ ১৬ বছরের অভিযাত্রা

প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ পাওয়ার মধ্য দিয়ে ব্যাটিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ। তবে টিকতে পারলেন কেবল তিন বল। পেসার জোয়েল প্যারিসকে বেরিয়ে এসে খেলে বল তুলে দিলেন আকাশে। মিড-অফে সহজ ক্যাচ মুঠোয় জমালেন গ্লেন ম্যাক্সওয়েল। ফিঞ্চ একবার ব্যাটের দিকে তাকিয়ে হাঁটা দিলেন ড্রেসিং রুমের পথে। 

মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামের গোটা গ্যালারি তখন দাঁড়িয়ে। ৪১ হাজারের বেশি দর্শকের করতালিতে প্রকম্পিত চারপাশ। হাঁটতে হাঁটতে ব্যাট ও হেলমেট উঁচিয়ে সবার অভিনন্দনের জবাব দিলেন ফিঞ্চ। মাঠ ছেড়ে চলে গেলেন ড্রেসিং রুমে। পেশাদার ক্রিকেটে শেষবারের মতো! 

বিগ ব্যাশের এই ম্যাচ দিয়েই ১৬ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন ফিঞ্চ। শেষটা ব্যাট হাতে রাঙাতে পারেননি। আউট হন শূন্য রানে। ম্যাচ শেষে সেই হতাশা হয়তো আর থাকার কথা নয় তার। জিতেছে যে দল।

মেলবোর্ন স্টার্সের বিপক্ষে শনিবারের ম্যাচটি ৬ উইকেটে জিতেছে মেলবোর্ন রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য পেরিয়ে গেছে তারা ১৬ বল হাতে রেখে। 

বিদায়ের ঘোষণাটা এই মাসের শুরুতেই দিয়েছিলেন ফিঞ্চ। গত ২৩ ডিসেম্বরের পর থেকে রেনেগেডসের একাদশের বাইরে ছিলেন তিনি। মেলবোর্ন ডার্বি দিয়ে তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নেয় দল। এই ম্যাচের আগে তার ৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্তও জানানো হয়।

বিগ ব্যাশের শুরু থেকে শুধু রেনেগেডসের হয়েই খেলেছেন ফিঞ্চ। ১৩ আসরের সবগুলোতে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তার ৩ হাজার ৩১১ রানের চেয়ে বেশি আছে কেবল ক্রিস লিনের, ৩ হাজার ৭২৫ রান।