৬৬ টন চালসহ গ্রেপ্তার ৬

দুই ট্রাকভর্তি ৬৬ টন চাল চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানার পুলিশ। সেই সঙ্গে দুটি ট্রাকসহ সব চাল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নওগাঁ শহর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদমদীঘি থানা পুলিশ দিনব্যাপী এই অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গত সোমবার আদমদীঘি উপজেলার সান্তাহারের মেসার্স সালমান অটোমেটিক রাইস মিলসের ১৪ টন ও একই পরিমাণ চাল মেসার্স বুশরা অ্যাগ্রো ফুডস রাইস মিলের এবং গত মঙ্গলবার বৈশাখী অটো রাইস মিলস ৩৮ টন চাল ঢাকার বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি দেওয়ার জন্য ট্রাকযোগে পাঠানো হয়।

কিন্তু গত শুক্রবার পর্যন্ত চালগুলো ওই সব কোম্পানিতে পৌঁছায়নি। চালগুলো নির্দিষ্ট সময়ে না পাওয়ার কারণে তারা এখানকার অটো মিল মালিকদের জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় রাইস মিলগুলোর প্রতিনিধিরা থানায় অভিযোগ করেন।

গ্রেপ্তাররা হলেন বগুড়ার কাহালু থানার বিবিরপুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), নহাজাল গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ জেলার সদর থানার চক বাবিয়া এলাকার আবদুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬) একই এলাকার সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) এবং আনন্দনগর এলাকার আবদুস সামাদের ছেলে হাসান (২৪)।

তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছেন আমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।