খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

খুলনায় বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় এনায়েত হোসেনের লাশ উদ্ধার করা হয়।

আড়ংঘাটা থানার ওসি হাসান আল মামুন জানান, গতকাল শনিবার ভোরে এনায়েত মোল্লা তেলিগাতি এলাকার নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুতের তার চুরি করতে যায়। এ সময় তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় এলাকাবাসী এনায়েতের লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত এনায়েত গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাটের রামপাল, গোপালগঞ্জের কাশিয়ানী এবং নগরীর আড়ংঘাটা ও খানজাহান আলীসহ বিভিন্ন থানায় চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।