হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নড়াইলের লোহাগড়ায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে কৃষককে। এ ছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত তরুণীর ভাসমান লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

শরীয়তপুর : জাজিরায় দাউদ খান (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মেছের আলী মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে সংঘটিত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি দাউদ খান। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজের ঘরের সামনে আগে থেকে ওত পেতে থাকা চার থেকে পাঁচজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে গতকাল শনিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর (৪৫) নামের একজনকে আটক করে থানা পুলিশ।

নড়াইল : পূর্ব শত্রুতার জের ধরে লোহাগড়ার চর দীঘলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ওলিয়ার মোল্যা (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ওই কৃষকের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওলিয়ার মোল্যা ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাক মোল্যার ছেলে। নিহতের স্ত্রী আছমা বেগমের ভাষ্যমতে, সকালে ফসলের মাঠে যাওয়ার পথে বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ২০ থেকে ২৩ জনের একটি দল ওলিয়ারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। 

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে অজ্ঞাত এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

টাঙ্গাইল পিবিআইয়ের পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, মরদেহটি পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মেয়েটির পরনে ছিল হলুদ রঙের সোয়েটার ও লাল সালোয়ার।