শিশুর মৃত্যু নিয়ে রহস্য, বাবা-সৎমা পুলিশ হেফাজতে

যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় আয়েশা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ ঘটনায় তার পিতা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ সৎ মা আয়েশাকে হত্যা করেছেন। পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে আনেন তার বাবা পিন্টু। এ সময় তার সৎ মা পারভীনাও সঙ্গে ছিলেন। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার সৎ মা পারভীনা ও বাবা পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার আফসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।