তীব্র শীতেও দূষণের শীর্ষে দিল্লি-কলকাতা, ঢাকার অবস্থান কত

জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়নসহ নানা কারণে বিশ্বের বহু শহর বেশ কয়েক বছর ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে। মেগাসিটি ঢাকার বাতাসেও নেই কোনো স্বস্তির খবর।

এদিকে তীব্র শীতে কাঁপলেও ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও রাজধানী দিল্লির বাতাস আজ রোববার ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ঢাকার বাতাসেও রয়েছে স্বাস্থ্যঝুঁকি।

অন্যদিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৬৪ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৮ নম্বরে রয়েছে ঢাকা।

এ সময় একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৪৬। দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির কলকাতা শহর, যার স্কোর ১৯৮। এ ছাড়া তৃতীয় স্থানে চীনের ছেংদু শহর, স্কোর ১৮৬।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।