সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।
আজ রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এ মুহূর্তে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদের সহযোগিতা দরকার হবে।
ষড়যন্ত্র থাকা স্বত্বেও দেশ এগিয়ে গেছে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।