ইসরায়েলি গণহত্যার প্রমাণ দিতেই থাকবে তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার তথ্য-প্রমাণ সরবরাহ করছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

এরদোয়ান বলেন, আমরা আইসিজের বিচার প্রক্রিয়ায় বিশ্বাস করি। আদালতে ইসরায়েল দোষী প্রমাণিত হবে।

অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের অংশ হিসেবে নির্বিচার বোমাবর্ষণে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এরদোয়ান জানান, জাতিসংঘের শীর্ষ আদালতে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলার বিভিন্ন নথিপত্র, ভিডিও ফুটেজ সরবরাহ অব্যাহত রাখবে তুরস্ক। 

দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরায়েল গাজাবাসীর ওপর গণহত্যা চালাচ্ছে। দেশটির মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের মন্তব্যের ওপর ভিত্তি করেই মূলত বেসামরিক নাগরিকদের হত্যার নীতি তুলে ধরা হয়েছে অভিযোগে।

ইসরায়েল অবশ্য এই অভিযোগকে নাকচ করে দিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ আফ্রিকা ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীতিতে বিশ্বাসী সশস্ত্র সংগঠন হামাসের দূত হিসেবে কাজ করছে।