নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪৩) তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে (৪৭) বিয়ে করেছেন। গতকাল শনিবার নর্থ আইল্যান্ডে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।
বিয়ের আনুষ্ঠানিক ছবিতে দেখা যায়, জেসিন্ডা সাদা পোশাকে আর ক্লার্কের পরনে সাদা শার্টের ওপর কালো স্যুট। বিয়েতে ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন।
অবশ্য আরও অনেক আগেই গাঁটছড়া বাঁধার কথা ছিল জেসিন্ডা-ক্লার্কের। দীর্ঘ দিনের সম্পর্কের পর ২০১৯ সালের মে মাসে বাগদান হয় তাদের। ২০২২ সালের প্রথম দিকে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী জেসিন্ডার।
২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। পার্লামেন্টে দেওয়া শেষ ভাষণে জেসিন্ডা ক্লার্ককে উদ্দেশ করে বলেছিলেন, ‘চলো, শেষমেশ বিয়েটা করেই ফেলি।’
২০১৮ সালের জুনে সন্তানের জন্ম দিয়েছিলেন জেসিন্ডা। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটি। পরে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে শিশুসহ যোগ দেন তিনি। বর্তমানে নেভ নামের সেই সন্তানের বয়স পাঁচ বছর।