১৮ বছরের তরুণ দিনো প্রিজমিচ। ক্রোয়েশিয়ার এ তরুণ তিন পর্বের বাছাই বাধা পেরিয়ে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের মূল পর্বে আসেন। এসেই পড়েন একেবারে বাঘের খাঁচায়। প্রতিপক্ষ নোভাক জকোভিচ, পুরুষদের মধ্যে টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী। আসরটির নাম অস্ট্রেলিয়ান ওপেন, জকোভিচ যে শিরোপাটি উঁচিয়ে ধরেছেন ১০ বার। এমন পরিস্থিতিতেই বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়টিকে দ্বিতীয় সেটে ট্রাইব্রেকে হারিয়ে দেন প্রিজমিচ। প্রশংসা কুড়ান মাঠে থাকা আরেক কিংবদন্তি আন্দ্রে আগাসির কাছ থেকেও। জকোভিচ তার আগের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা আসরগুলোয় প্রথম রাউন্ডে কখনোই এতো দীর্ঘ সময়ের ম্যাচ খেলেননি।
ওই একটি সেটই জেতেন প্রিজমিচ। তার আগের একটি ও পরের দুটি সেট জিতে ম্যাচ জিতে নিয়েছেন জকোভিচ। এককভাবে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তিদের সবাইকে ছাপিয়ে যাওয়ার অভিযাত্রায় চলতি আসরের শিরোপার দিকেই নজর জকোভিচের। রড লেভার অ্যারেনায় আজ ৬-২, ৬ (৫)-৭(৭), ৬-৩ ও ৬-৪ গেমে প্রথম রাউন্ডে প্রিজমিচকে হারান তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে ২০১৮ সালের পর থেকে কোনো ম্যাচ হারেননি জকোভিচ। জকোভিচের সবশেষ হারা ম্যাচের সময় প্রিজমিচের বয়স ছিল মাত্র ১২ বছর। আরও অদ্ভুত বিষয়- রাফায়েল নাদালের সঙ্গে জকোভিচকেও নিজের আদর্শ মেনেই টেনিস খেলোয়াড় হয়েছেন প্রিজমিচ। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের জুনিয়র রোলা গাঁরো শিরোপা জেতেন প্রিজমিচ।
জকোভিচ আর আগে যে ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তার মধ্যে নয়বারই সরাসরি সেটে প্রথম রাউন্ড পেরোন। মাত্র একবারই প্রথম রাউন্ডের ম্যাচে কোনো সেট হেরেছিলেন জকোভিচ। এই দ্বিতীয়বার তাকে সেট হারতে হলো তরুণ প্রিজমিচের কাছে। ম্যাচশেষে প্রিজমিচের সঙ্গে হাত মেলানোর সময় জকোভিচের চোখেমুখে ছিল মমতা। নিজের আদর্শের কাছ থেকে বাহবা পেয়ে উদ্বেলিতই হওয়ার কথা প্রিজমিচের।