'ক্রিকেট বোর্ড অবাধ্য সন্তান' কথার জবাব দিলেন পাপন

যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে আজ পথচলা শুরু করলেন নাজমুল হাসান পাপন। প্রথম কর্মদিবসে তিনি সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন।
জাহিদ আহসান রাসেল গত বছর এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড অবাধ্য সন্তান।' আজ জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে নিয়ে প্রশ্ন করা হলে নাজমুল হাসান পাপন বলেন, 'রাসেল এ ধরণের কথা বলতেই পারে না- যে অবাধ্য সন্তান। কারন আমার অত্যন্ত ঘনিষ্ট সে এবং আমার ছোটভাই।' এর সঙ্গে রাসেলের কাজের প্রশংসা করেন নতুন ক্রীড়ামন্ত্রী, 'রাসেল থাকাবস্থায় যে পরিমান কাজ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক কিছুই সে করেছে, যেটা নাকী আমি আগে দেখিনি। আবারও পরিস্কার করে বলছি, অনেক কিছুই তার সময় করেছে, যা আমি আগে দেখিনি। তার কাজের অনেক আগ্রহ ছিল। হ্যাঁ, যেহেতু ক্রিকেট স্বাধীনভাবে চলছে, তাই সেদিকে তার নজর একটু কম ছিল। এটা নিয়ে কোন সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্রিকেটে সরকারী হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেয় না (আইসিসি)। সরকার আর বিসিবি’র মধ্যে দূরত্ব বলতে কিছু নেই। আবার একেবারে নাই তাও কিন্তু না। ফ্লাডলাইটের বিষয়গুলো তো আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমেই নিতে হয়।'
জাহিদ আহসান রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাবস্থায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ক্রীড়া-কূটনীতি নিয়ে কাজ করেছেন। নতুন মন্ত্রীরও সে রকম কিছু করার লক্ষ্য, 'আজ প্রথম দিনই চিন্তা হয়েছে সরকার টু সরকার কিছু কাজ করার বিষয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে। অনেক রাষ্ট্রদূতের সঙ্গে আমার নানা সময় আলোচনা হয়। তারা বিভিন্ন খেলায় আগ্রহ প্রকাশ করে। সামনে এগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’