কারখানা বন্ধ রাখবে টেসলা, অনিশ্চয়তায় সাড়ে ১১ হাজার কর্মী

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালাচ্ছে হুতিরা। ফলে জাহাজগুলো আর ওই পথে যাচ্ছে না। এর প্রভাবে আগামী  ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিন বন্ধ রাখা হচ্ছে বার্লিনের কাছে টেসলার গাড়ি তৈরির কারখানা। খবর জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের।

টেসলা একটি বিবৃতিতে জানিয়েছে, যন্ত্রাংশ কম থাকায় জার্মানির কারখানায় গাড়ি উৎপাদনের কাজ ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। ২০২২ সালের মে মাস থেকে ওই কারখানায় উৎপাদন শুরু করে টেসলা। সেখানে সাড়ে ১১ হাজার কর্মী কাজ করেন।

টেসলা উল্লেখ করেছে, লোহিত সাগরের অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন কেপ অব গুড হোপ দিয়ে যাচ্ছে। এর ফলে শুধু ১০ দিন বেশি সময় লাগার পাশাপাশি খরচও হচ্ছে বেশি। এশিয়া থেকে ইউরোপ যেতে নয় লাখ ১০ হাজার ডলারের অতিরিক্ত জ্বালানি লাগছে।

এদিকে লোহিত সাগরে হুতির আক্রমণ শুরুর পর টেসলাই প্রথম কোম্পানি যারা কারখানা বন্ধ রাখার ঘোষণা দিলো। এর আগে চীনের অন্যতম বড় গাড়ির কারখানা এবং সুইডেনের হোম ফার্নিশিং কারখানা গ্রাহকদের জানিয়েছে, তাদের কাছে পণ্য পৌঁছাতে দেরি হবে।

উল্লেখ্য, বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো এতদিন পণ্য পরিবহনে সুয়েজ খাল ব্যবহার করত। এই পথ দিয়ে বিশ্বের ১২ শতাংশ জাহাজ চলাচল করে।