অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রতিশ্রুতি

চামড়াশিল্পে প্রণোদনার পক্ষে শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পোশাকশিল্পের মতো চামড়াশিল্পেও রপ্তানিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষির জন্য অতি প্রয়োজনীয় সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আশুগঞ্জে পুরাতন সার-কারখানার স্থলে একটি আধুনিক সার-কারখানা এবং ভোলায় একটি নতুন সার-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর এবং সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা চিনিকলগুলো আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। লবণশিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি লবণ ইনস্টিটিউট স্থাপন করা হবে।’