আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রাহকের করা প্রতারণার শতাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আটকের পর গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, গুলশান থানায় হওয়া ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানায় গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মঞ্জুর আলম শিকদারকে। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মঞ্জুর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম গতকাল দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘আলেশা মার্টের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রাহকের করা প্রতারণার মামলায় তার বিরুদ্ধে শতাধিক ওয়ারেন্ট অর্ডার (গ্রেপ্তারি পরোয়ানা) রয়েছে। সেই ওয়ারেন্ট বলে তাকে গ্রেপ্তার করা হয়।’ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।