গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন তিন বিশ্ববিদ্যালয়

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হবে। এ নিয়ে যুক্ত হলো ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমতি না থাকলেও প্রায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই গুচ্ছে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে এক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্যরা।

নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে অন্তর্ভুক্ত হবে।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান অংশ নেন।

প্রফেসর আলমগীর বলেন, ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখতে ইউজিসি কাজ করে যাচ্ছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ক্ষুণœ হবে না। তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোক ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সময় নির্ধারণ, আর্থিক স্বচ্ছতা নিরূপণে একটি কমিটি গঠনের পরামর্শ দেন।

এ ছাড়া ন্যাশনাল টেস্টিং অথরিটির (এনটিএ) অধীনে সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনে একটি ফেমওয়ার্ক তৈরিতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।