ইনজুরিতে ফের মাঠের বাইরে উইলিয়ামসন

ইনজুরি যেন কেন উইলিয়ামসনের পিছু ছাড়তে চাইছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরা নিউজিল্যান্ড অধিনায়ক আবারও গেলেন মাঠের বাইরে। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। 

প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন তিনে নেমে ১৫ বলে ২৬ রান করেন। এরপর দশম ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর মাঠে নামতে পারেননি। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপস বোর্ড জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে আর মাঠে নামানো হয়নি।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭,১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।

মূলত টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’

উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং। অধিনায়কত্ব করবেন টিম সাউদি।

কেন উইলিয়ামসন গত মৌসুমের আইপিএলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন। লম্বা সময় ইনজুরির পর বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি।