বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত ভারত। আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।

আজ সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমি এখানে এসেছি। এটি আমার প্রথম বৈঠক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রণয় ভার্মা বলেন, গত এক দশকে আমাদের দুই পক্ষের সম্পর্ক ঘনিষ্ঠ অবস্থানে গেছে। আগামী দিনে আমাদের সম্পর্ক কীভাবে জনগণকেন্দ্রিক হবে তা নিয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের সহযোগিতার অবস্থান থেকে দুই দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।

প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি, যেটি ছিল ভারত বাংলাদেশ স্টার্টআপ। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন জলবায়ু ইস্যু। বাংলাদেশের প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।

নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, আমরা প্রত্যাশা করি নতুন সরকারের সময়ে আমাদের সম্পর্কের আরও উন্নতি ঘটাব। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে আমরা পাশে থাকব বলেও জানান তিনি।