একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেছে শচিন টেন্ডুলকারকে। ভারতজুড়ে ভাইরাল হয়েছে সেটি। অ্যাপের বিজ্ঞাপনে ভারতীয় কিংবদন্তি বলছেন, ‘আমার মেয়ে এই অ্যাপে খেলে থাকে। এখানে খেলে প্রতিদিন ১ লাখ ৮০ হাজার রুপি আয় করা যায়। মাঝেমধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, এখন কত সহজে আয় করা যায়।’
মেয়ের কথা উল্লেখ করে টেন্ডুলকার যে অ্যাপটি ব্যবহারে উৎসাহ জোগাচ্ছেন, সেখানে বলা কথাগুলো আসলে তার নয়। এটি ডিপফেক। টেন্ডুলকারের পুরোনো একটি ভিডিওতে প্রযুক্তির সাহায্যে তার নকল কণ্ঠ বসিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ভুয়া বিজ্ঞাপন বা ডিপফেক ভিডিও বন্ধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন টেন্ডুলকার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বেটিং অ্যাপের বিজ্ঞাপনটি শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন, ‘এই ভিডিওগুলো ভুয়া। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্তি লাগে। সবাইকে অনুরোধ করছি, এ ধরনের ভিডিও, বিজ্ঞাপন ও অ্যাপগুলোকে প্রচুর পরিমাণে রিপোর্ট করুন।’
এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন টেন্ডুলকার, ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অভিযোগের বিষয়ে সতর্ক থাকা দরকার। ভুল তথ্য ও ডিপফেক ছড়ানো বন্ধে তাদের দিক থেকে ত্বরিত উদ্যোগ গ্রহণ গুরুত্বপূর্ণ।’
টেন্ডুলকারের আগে তারা মেয়ে সারাও এই ডিপফেকের শিকার হয়েছিলেন। যেখানে শুবমান গিলের সঙ্গে তার ছবি বসিয়ে দেওয়া হয়।