গাজীপুরের কালিয়াকৈরে সুতা তৈরির একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই কারখানার সুতাসহ তুলা। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাড়াজোড়া গোয়ালবাথান এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া গোয়ালবাথান এলাকায় আল আকসা কটন মিলসের এক পাশে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে ওই কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও একটি টিম সেখানে আসে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা তুলা ও সুতা। এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি।