দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নিত্যনতুন জালিয়াতি ফাঁস হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘এসব তথ্য ফাঁস করছেন সংশ্লিষ্ট দলের লোকজনই। নির্বাচনে চুরি ও প্রতারণার তথ্য ধামাচাপা দিতে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি ও শপথের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেল তা নিয়েও জনগণের কোনো আগ্রহ নেই। এটা সরকারের জন্য লজ্জার।’ গতকাল সোমবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভা গঠনের পরপরই প্রায় সকল পণ্যেরই দাম বেড়েছে বহুগুণ। শীতকালীন সবজি, আমনের মৌসুমে প্রতি কেজি চালে ৫ থেকে ৮ টাকা বৃদ্ধি সাধারণ ও খেটে খাওয়া জনগণকে শঙ্কিত করে তুলেছে।’
নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকারদলীয় নেতাকর্মীরা অভিযোগ করে তিনি বলেন, ‘সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের বাজারব্যবস্থা। আর কোনো নিত্যপণ্যের ব্যবসাই এখন আর সিন্ডিকেটমুক্ত নেই।’