সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার পূর্ব ও পশ্চিমপাড়া এবং সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট চারটি স্থানে আনুমানিক দেড় হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৮০০ ফুট পাইপলাইন উত্তোলন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী সোহেল রানা ও সোনারগাঁ থানা পুলিশ।