শ্রমিকদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

সাভারের আশুলিয়ায় বেতন-বোনাস বৃদ্ধি, ওভারটাইম বিলসহ বেশ কয়েকটি দাবি আদায়ে গত দুদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিল আইরিশ ফ্যাশন লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত কর্মবিরতির জেরে গতকাল সোমবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

এদিকে সকালে কারখানায় এসে বন্ধের বিষয়টি জানতে পেরে কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সহস্রাধিক শ্রমিক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটির সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সরকার নির্ধারিত বেতন বাস্তবায়ন, বেতনের অর্ধেক ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির ভাতা প্রদান, কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করালে (বিকেল ৫টার পর) ওভারটাইম বিল, বাৎসরিক ছুটির টাকা প্রদান, শ্রমিকদের কাজের রেট প্রদান, কাজের রেট কমপ্লিট সর্বনিম্ন ২৫ টাকা নির্ধারণ করা, প্রডাকশন বোনাস সর্বনিম্ন ৪০ শতাংশ করা, অপারেটরদের আইডি কার্ড এবং গ্রেডিং করা, কোনো শ্রমিক রিজাইন দিলে তার পাওনাদি বুঝিয়ে দিতে হবে।

কারখানাটির লিংকিং অপারেটর জাকির হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু আমরা যারা সোয়েটার কারখানায় কাজ করি তারা সেই বেতন থেকে বঞ্চিত। তাই আমরা গত দুদিন ধরে বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে কারখানায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। গতকাল কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা বাসায় চলে যাই। কিন্তু সকালে কারখানায় এসে দেখি কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস ঝোলানো হয়েছে।

কারখানা বন্ধের বিষয়ে জানতে আইরিশ ফ্যাশন লিমিটেডের অ্যাডমিন অফিসার মো. মোখলেসের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।