যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবাদ দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, ‘খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া নৌ বন্দর এলাকা অতিক্রম করছিল। নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে অননুমোদিত একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে রেল পথে উঠে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।‘
তিনি আরও জানান, ‘ট্রাক চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে যাওয়ায় কোন প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।‘
রেলওয়ের ওই কর্মকর্তা আরও জানান, ‘স্থানীয় অবৈধ ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে।‘