২০২৩ সালে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। সেই সঙ্গে শুধু ডিসেম্বর মাসে ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানী বনানীর বিআরটিএ ভবেনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনার বিবরণ তুলে ধরে নুর মোহাম্মদ মজুমদার জানান, ঢাকাতে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৮৬টি। এ সব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৯৪টি দুর্ঘটনায় ৭৯ জন, রাজশাহীতে ৭৪টি দুর্ঘটনায় ৬৩ জন, খুলনায় ৭৩টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। ওই মাসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন এবং ময়মনসিংহে ৪৮ জন প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের সড়ক দুর্ঘটনার তথ্যে দেখা গেছে, ওই বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুলাই মাসে। ওই মাসে সারা দেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৩ জন। এর আগের মাসেও পাঁচ শতাধিক মানুষের প্রাণ গেছে সড়কে। জুন মাসে সারা দেশে ৫০৪ জনের মৃত্যু হয়েছে সড়কে। এই মাসে সড়কে দুর্ঘটনা হয়েছে ৫৬২টি।
এ ছাড়া জানুয়ারিতে ৩২২টি সড়ক দুর্ঘটনায় ৩৩৩ জন, ফেব্রুয়ারিতে ৩০৮টি দুর্ঘটনায় ৩০৩ জন, মার্চে ৩৮৭টি দুর্ঘটনায় ৪১৫ জন, এপ্রিলে ৪৭৬টি দুর্ঘটনায় ৪৫৯ জন এবং মে মাসে ৪৮৩টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন।
আগস্টে সারা দেশে সড়কে মত্যু হয় ৩৭৬ জনের। সেপ্টেম্বরে ৪১০ জন, অক্টোবরে ৩৯৪ জন, নভেম্বরে ৪৭০ জন এবং ডিসেম্বরে ৪৩৩ জন প্রাণ হারিয়েছে সড়কে।
এ নিয়ে গেল বছরে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে সারা দেশে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৯০২ জন। আর আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন।
এ ছাড়া ওই সময় রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।