দেশে কিডনি প্রতিস্থাপনে খরচ ৩ লাখ, দেশের বাইরে ২০ লাখ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এ পর্যন্ত ২০ কিডনি প্রতিস্থাপন হয়েছে। এখানে কিডনি প্রতিস্থাপন খরচ ৩ লাখ টাকা খরচ। অথচ দেশের বাইরে খরচ ২০ লাখ টাকা। 

একইভাবে এই হাসপাতালে লিভার প্রতিস্থাপনে খরচ ২০ লাখ টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যয় হয় এক কোটি টাকা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে 'নতুন বছরে আলোটুকু, ভালোটুকু দাও' শীর্ষক পিঠা উৎসবে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বিএসএমএমইউ হেপাটোলোজি এ্যালামনাই এসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যৌথভাবে এ পিঠা উৎসবের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশে ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে। আইনি জটিলতার কারণে দেশের লোকজন ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ট্রান্সপ্লান্ট করে আসছে। অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করা হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয়ভার কমার পাশাপাশি চিকিৎসা সেবা সহজতর হবে। এখানে এ কাজের গতি বাড়ানোর জন্য দক্ষ জনবল দরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় হেপাটোলোজি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা.  মামুন আল মাহাতাব স্বপ্নীল। বিশেষ অতিথি হিসেবে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ'র সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের কর্মকর্তা মৃন্ময় চক্রবর্তী ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন  বক্তব্য রাখেন।