এমপি লতিফের সমর্থকদের হুমকি, ‘ভয়ে’ ফাঁস নিলেন যুবক

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মো. সাকিব (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে দক্ষিণ পতেঙ্গা ডেইল পাড়া আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাকিব স্থানীয় ইয়াকুবের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) কবীর হোসেন জানান, ডেইল পাড়ায় সাকিব নামে এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাকিবের বাবা ইয়াকুব আলীর অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে তার ছেলে কাজ করায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী এম এ লতিফের সমর্থকেরা তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তবে সে তাদের নাম জানায়নি। নির্বাচনের পর থেকে ভয়ে সে আর ঘর থেকে বের হয়নি। হতাশা থেকে সাকিব আত্মহত্যা করেছে।

তিনি বলেন, ‘আমার ছেলে কয়েকদিন ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে-সেদিক লুকিয়ে থাকতো। জিজ্ঞেস করলে বলতো কেটলির সমর্থন করায় তাকে মেরে ফেলা হবে। আমি তাকে বলেছি মরলে একসঙ্গে মরবো। তুই আমাদের সঙ্গে থাক। কিন্তু ওরা আমার ছেলেকে বাঁচতে দিল না।’

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কবীর হোসেন বলেন, ‘ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধারের পর সাকিবের পরিবারের সবার সঙ্গে কথা বলেছি। নির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হুমকি-ধামকির ভয়ে কিংবা হতাশা থেকে সাকিব আত্মহত্যা করেছেন, এমন অভিযোগ কেউ করেননি।’