উপজেলা নির্বাচনের সম্ভাব্য সময় জানাল নির্বাচন কমিশন

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন রমজানের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অশোক কুমার দেবনাথ। দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সবকটি উপজেলায় একসঙ্গে নির্বাচন হয় না। কয়েকটি ধাপে ভাগ করে নির্বাচন করা হয়।

অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ৪৮৫টি উপজেলার তালিকা পেয়েছি। আগে যেহেতু ধাপে ধাপে নির্বাচন হয়েছে এবারও ধাপে ধাপে নির্বাচন হতে পারে। কয় ধাপে উপজেলা নির্বাচন হবে সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

অশোক কুমার বলেন, সব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে। কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপের নির্বাচন রোজার আগে, বাকিগুলো রোজার পরে হতে পারে। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে সব উপজেলাই নির্বাচনযোগ্য হয়েছে।