শীতে বন্ধ হতে পারে প্রাথমিক বিদ্যালয়ও

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দেওয়া নির্দেশনায় যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেসব জেলায় স্কুল বন্ধ রাখতে বলা হয়। তবে এই নির্দেশনা পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি দেশ রূপান্তরকে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে। তাপমাত্রা ১৭ ডিগ্রির নির্দেশনা দিলেও, নতুন করে সেটি ১০ ডিগ্রি করা হচ্ছে।

এদিকে তামপাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ হতে পারে। তবে এখনো স্কুল বন্ধের মতো পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ।

তিনি বলেন, আমরা প্রতিদিন আবহাওয়ার বুলেটিন দেখছি। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ঠাণ্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।