যুক্তরাষ্ট্রের হাতে হুতির জন্য পাঠানো ইরানি অস্ত্র!

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতির জন্য পাঠানো ‘ইরানি অস্ত্র’ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ জানুয়ারি আরব সাগরে একটি জাহাজে রাতভর অভিযান চালানোর সময় মার্কিন নৌবাহিনী এসব অস্ত্র জব্দ করে। তবে লোহিত সাগরে হুতিদের হামলার অভিযানের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছে ইরান।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে সোমালিয়া উপকূলের কাছে একটি জাহাজে এসব প্রাণঘাতী অত্যাধুনিক অস্ত্রের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপাদানও রয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে হুতিরা। এতে লোহিত সাগর দিয়ে ব্যাহত হচ্ছে পণ্য সরবরাহ।

এ ঘটনায় যৌথ টাস্কফোর্স গঠনের পর গত সপ্তাহে হুতিদের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী। এসব হামলায় হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।