কম্বল আর নতুন সোয়েটার নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ সাফিন। বাকশক্তি না থাকলেও চোখ ও হাতের ইশারাতেই বোঝা যাচ্ছে উচ্ছ্বাস। তার মতো ১৩০ শিশুর মুখে হাসি ফুটিয়েছে জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
এ সময় শারমিন আখতার বলেন, সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় বৃত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।
এছাড়াও গভীর রাতে উপজেলার আব্দুলপুর জংশন, আজিমনগর রেলওয়ে স্টেশন ও তার আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম রায়হান, জামিরুল ইসলাম, সজিবুল হৃদয়, তুষার ইমরান প্রমূখ।