অযোধ্যায় জ্বলল ১০৮ ফুটের ধূপ!

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে শোরগোল চলছেই। এই পরিস্থিতিতে জ্বালানো হলো ১০৮ ফুটের ধূপকাঠি। তিন হাজার ৬১০ কেজি ওজনের এই ধূপকাঠির প্রস্থে প্রায় সাড়ে তিন ফুট।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, গুজরাটের ভাদোদারার বাসিন্দা ভিয়া ভারওয়াদ এই ধূপকাঠি বানিয়েছেন। তার দাবি, এটি বানাতে ছয় মাস সময় লেগেছে। অন্তত দেড় মাস এই ধূপকাঠি জ্বলবে, যার গন্ধ ছড়াবে কয়েক কিলোমিটার পর্যন্ত। তবে প্রশ্ন উঠেছে দূষণ নিয়ে। সাধারণ ধূপ নিয়েই অনেকে দূষণ সংক্রান্ত প্রশ্ন তোলেন। এক্ষেত্রে ভিয়া ভারওয়াদের দাবি, এই ধূপ তৈরি হয়েছে বিভিন্ন রকমের ভেষজ উপাদানে। ফলে দূষণ হবে না।

ভাদোদারা থেকে ফতেপুর সিক্রি, আগ্রা হয়ে এই ধূপকাঠি এসে পৌঁছায় অযোধ্যায়। মঙ্গলবার সকালেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সভাপতি নিত্যগোপাল দাস মহারাজের উপস্থিতিতে এই ধূপকাঠি জ্বালানো হয়।

এদিকে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ভারতের সাধারণ চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল, সব জায়গায় আলোচনা চলছে। অযোধ্যা যেন হয়ে উঠেছে দেশের প্রাণকেন্দ্র। এতকিছুর মধ্যে ১০৮ ফুটের ধূপকাঠিকে চমকই বলতে হয়। ইতোমধ্যে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেড একটি রিপোর্টে বলছে, আগামী ২২ তারিখকে উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে অন্তত ১ লাখ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।