তিন কেজি আফিমসহ যুবক আটক

বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই এর সদস্যরা। এসময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এই যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।