সাভারে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই রিকশাচালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে সাভারের দক্ষিণ জামসিং সোলাইমান মার্কেট এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম আবদুল করিম (৫৩)। তিনি ময়মনসিংহের পায়রা গ্রামের ওসমান আলীর ছেলে। আবদুল করিম সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আরাপাড়া বিনোদবাইদ এলাকার আবদুস সালাম রুবেলের বাড়িতে ভাড়া থেকে ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
রিকশাচালক আবদুল করিম বলেন, ‘ছায়াবীথি এলাকা থেকে একজন ছিনতাইকারী যাত্রীবেশে আমার রিকশায় উঠে জামসিং সোলাইমান মার্কেট যেতে চান। আমি তাকে সোলাইমান মার্কেট নিয়ে গেলে সেখান থেকে আরেকটু সামনে নিয়ে যেতে বলেন। আমি আরেকটু সামনে যেতেই সেখানে আগে থেকে ওতপেতে থাকা আরও দুই ছিনতাইকারী রামদা ও চাপাতি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। এ সময় রিকশায় থাকা যাত্রী পেছন থেকে আমার মুখ চেপে ধরে। আমি রামদা ধরে ফেলি। এ সময় তাদের সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। এরই ফাঁকে একজন অটোরিকশা নিয়ে চলে যায়। বাকি দুজন আমাকে কুপিয়ে চলে যায়। পরে আমি চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’