ফিলিস্তিনের গাজায় শিশুদের সুরক্ষা ও নিরাপত্তায় দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’ কমিটি। গত সোমবার এ চিঠি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
প্রধান বিচরপতি ওবায়দুল হাসানের নির্দেশনা এবং অনুমোদন সাপেক্ষে এ চিঠি পাঠান সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’র সভাপতি আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট কমিটিকে অবহিত করেছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের এই কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
চিঠিতে বলা হয়, “আমরা গভীরভাবে দেখছি যে, ফিলিস্তিনের গাজার সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুরা অবর্ণনীয় নির্যাতন ও হুমকির মধ্যে পড়েছে। জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের অনুচ্ছেদ ৩৮ (১) ও (৪) এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের ফলে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’ গভীরভাবে উদ্বিগ্ন।” শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘ মহাসচিবকে সুপিম কোর্ট কমিটি অনুরোধ জানিয়েছে।