দৈনিক দিনকাল-এর সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক জানান, ড. রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত কিছুদিন থেকে শ্যামলীস্থ একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাত সোয়া ১০টায় তিনি ইন্তেকাল করেন। বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী, মা মরহুমা হাওয়া সিদ্দিকী।
১৯৬৮ সালে এসএসসি পাস করেন তিনি। পরে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।