বেলুচিস্তানে ইরানের হামলা, ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। গতকাল মঙ্গলবারের এ হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলার পর পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা বলেছে, ইরানের বিপ্লবি গার্ডরা ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরে পাকিস্তানে এ হামলা চালিয়েছে। এর আগে বেলুচ জঙ্গি গোষ্ঠী ইরান–পাকিস্তান সীমান্ত এলাকায় ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল।

ইরানের নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, পাকিস্তান সীমান্তে ইরানী নিরপত্তাকর্মীদের ওপর হামলার পর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থাকা জঙ্গিদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলেছে, এ হামলার পর ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার। আজ বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছেন, ইরানকে এ হামলার জন্য ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি এ ধরনের হামলা ‘সম্পূর্ণভাবে অগ্রহযোগ্য’।

এ ব্যাপারে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি