দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই নির্দেশনা দিয়েছে গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয়টি এলাকায় আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তামপাত্রা রেকর্ড করা হয়েছে। সেই হিসেবে আজ ছয়টি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এসব জেলাসমূহে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ চুয়াডাঙ্গা জেলাতে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই জেলাতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে এই জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেনি কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘তাপমাত্রা ১০ এর নিচে আছে। তবে বন্ধের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। আগামীকাল (বৃহস্পতিবার) যদি তাপমাত্রা ১০ এর নিচে থাকে তবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
তবে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলছেন, সকালে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা স্কুল খোলা রাখতে বলেছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশাল জেলাতে আজ তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস আছে। তবে এই জেলাতেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল না। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা এখনো স্কুল বন্ধের সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ বান্দরবানে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এই জেলাতেও মাউশি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা হয়নি। এমন কোনো নির্দেশনা এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান।
এ ছাড়া সীতাকুণ্ডে ৯.৫, শ্রীমঙ্গলে ৯.৬ ও ঈশ্বরদীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকাতেও খোলা শিক্ষাপ্রতিষ্ঠান।
গতকাল মাউশি এবং গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলমান আছে। শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুতারং যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে না আসা পর্যন্ত ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে তীব্র শীতের মধ্যেও তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
এতে বলা হয়, বুধ ও বৃহস্পতিবার রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।