এক ইসরায়েল সমর্থক নারীর সঙ্গে বাগযুদ্ধে জড়ানোর ভিডিও সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ভিডিওটি পোস্ট করেন মিয়া। সেখানে তিনি দাবি করেন, সম্প্রতি এক বিমানবন্দরের লবিতে এই নারী তাকে অনুসরণ করছিলেন এবং অনবরত ইসরায়েল ইস্যু টেনে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছিলেন।
ভিডিওর বর্ণনায় মিয়া খলিফা এক্সে লিখেন, “জায়োনিস্টরা (কট্টর ইহুদি) খেই হারিয়ে ফেলছে। ওই নারী আমাকে বিমানবন্দরের পুরো লবিতে অনুসরণ করছিলেন, কটাক্ষ করেই যাচ্ছিলেন…” ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ইসরায়েল সমর্থক ওই নারীকে মিয়ার দিকে তাকিয়ে তীর্যক মন্তব্য করতে শোনা যায়। জবাবে মিয়া জানতে চান,”আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন?” কিন্তু ওই নারী সেই প্রশ্নের জবাবেও ওই কথাই বলতে থাকেন। এর পর মিয়া তাকে কটাক্ষ করে বলেন,”আপনার গা থেকে পচা গন্ধ বের হচ্ছে।”
ভিডিওটি স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মিয়া খলিফার পক্ষে দাঁড়িয়েছেন। আবার তার বিরোধিতাও করেছেন অনেকে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল দাবি করে ওই হামলায় ১২০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলার জবাবে সেদিনই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল, এরপর শুরু হয় স্থল অভিযান। ইসরায়েলি নির্বিচার হামলায় প্রাণ হারাতে থাকে হাজারো মানুষ। এর প্রতিবাদে সরব হন লেবাননের বংশোদ্ভূত মিয়া খলিফা। সেসময় তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘‘আপনি যদি ফিলিস্তিন পরিস্থিতির দিকে দেখেন এবং ফিলিস্তিনিদের পক্ষ না নেন তাহলে আপনি জাতিবিদ্বেষের পক্ষে রয়েছেন এবং ইতিহাস তা দেখিয়ে দেবে।’