নির্বাচন পাতানো ছিল না: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো ছিল না বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পাতানো ছিল না। নামিদামি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

আজ বুধবার (১৭ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন।

এবারের সুন্দর নির্বাচনের প্রশংসা সারা দুনিয়ায় শুনতে পাচ্ছি উল্লেখ সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন হতে দেবে না বলেছিল, সে আস্ফালন এখন কোথায় গেল? সারা দুনিয়ার পর্যবেক্ষক, সাংবাদিক, নামিদামি মিডিয়া অনেকে উপস্থিত ছিল। কিন্তু নির্বাচনের বিরুদ্ধে বলার মতো কিছুই ছিল না। সুন্দর নির্বাচনের প্রশংসা সারা দুনিয়ায় শুনতে পাচ্ছি। কেবল একটি মহল নানা কথা বলছে। তারা এখন বলছে সংসদ অবৈধ। বৈধতা কিভাবে পাবে? জিয়ার হ্যাঁ/না, ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন নাকি মাগুরা মার্কা নির্বাচন দিয়ে সংসদ বৈধতা পাবে?

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিরোধী দলের নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে এ রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল আমরা ঘরে তুলেছি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে এখন অনেকে অনেক কথাই বলবে।

আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচন কমিশন কতটা স্বাধীন ছিল। সরকারি দলের প্রার্থিতা বাতিল, শোকজ ও ভর্ৎসনাও ছিল। এমন নজির আর কী দেখাতে পারবে? প্রশ্ন রাখেন তিনি।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।