দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চবি উপাচার্যের বিজ্ঞাপন, ব্যয় জানতে চেয়ে ইউজিসির চিঠি

সম্প্রতি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও  শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এই বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে— তা জানতে চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) চবি রেজিস্ট্রার বরাবর এই চিঠি ইস্যু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর।

ওই চিঠিতে বলা হয়, চবি উপাচার্য দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় চার কালারের বিজ্ঞাপন দিয়েছেন। এই বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চায় ইউজিসি।

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে জারি করা নোটিশ অনুসরণ করেনি চবি। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জবাব চেয়েছে ইউজিসি।

পত্রিকায় ছাপানো চবি উপাচার্যের শুভেচ্ছাবার্তায় বলা হয়, বীর চট্টলার দুই কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করায় করায় বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। 

এতে আরও বলা হয়, আপনাদের সুযোগ্য নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ রূপকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।