‘ফুটবল নয়, অন্যকিছুতে নেইমারের আগ্রহ বেশি’

মৌসুমের বেশিরভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকেন নেইমার। নিজের সেরা সময়টা তাই পুনর্বাসনে থেকে হারাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমের শুরুতেই তিনি পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগের দল আল হিলালে। তার আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা ছিল। ফুটবলের চেয়ে অন্যদিকে নজর তার বেশি থাকে বলেও মন্তব্য করেছেন অনেকে। এবার সেই তালিকায় যোগ হয়েছে ব্রাজিলের নতুন জর্জ জেসুসের নাম।

আগামী জুনে কোপা আমেরিকাতে নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। অনেকেরই ভাষ্য, আগস্টের শেষদিকে হয়ত মাঠে দেখা যাবে তাকে। ব্রাজিলের এই তারকা পুনর্বাসনে থাকলেও একেবারেই বসে নেই। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজেকে ফিরে পাওয়ার মিশনে। কিন্তু, মানুষটা যে নেইমার। পার্টি করাও থেমে নেই। মাঝে তো বিলাসবহুল রণতরী নিয়ে বড় আকারের পার্টিও সেরে নিয়েছেন তিনি। আর এটাই পছন্দ হয়নি জেসুসের।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মত নেইমার ফুটবলকেই প্রথম প্রাধান্য দেয় না বলে মন্তব্য করেছেন পর্তুগিজ এই কোচ। জর্জ জেসুসের বক্তব্য, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের জন্য আরও বেশি নিবেদিত। আর তাই এটাকেই প্রাধান্য দেয়। নেইমারের অন্য কিছুতে আগ্রহ বেশি আর সেসব জিনিস, যেটা হয়ত তার ব্যক্তিগত জীবন, সেটাকেই এগিয়ে রাখে।’

যদিও খেলোয়াড় হিসেবে নেইমারের প্রশংসা করতে কার্পণ্য করেননি নেইমার, ‘তবে একজন খেলোয়াড় হিসেবে সে অসামান্য। আর একজন মানুষ হিসেবে আমি দেড়মাস তার সঙ্গে সময় কাটিয়েছি, সে সব বিষয়ে ইতিবাচকতা দিয়ে আমাকে বিষ্মিত করেছে।’