ঝিনাইদহের মহেশপুরের বাগাডাঙ্গা গ্রামে চোরাকারবারি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে চাচা মন্টু মিয়া (৩২) ও ভাতিজা শমীম হোসেন (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে (১৭ জানুয়ারি) উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম একই গ্রামের সামছুল রহমানের ছেলে এবং মন্টু মিয়া নয়ন মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চোরাকারবারি ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় শামীম তরিকুলের নামে মহেশপুর থানায় মামলা করেন। সেই মামলায় জেলে ছিলেন তরিকুল। গত সোমবার জেল থেকে ছাড়া পান তিনি। বুধবার বিকেলে শামীম তার দলবল নিয়ে তরিকুলের বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় তরিকুল বাড়ির ছাদ থেকে শামীমকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় মন্টু। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। নিহতে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।