পার্বতীপুরে তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসক কার্যালয়ের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের পার্বতীপুরে তিন ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের দূর্গাপুর, জামতলী ও মন্মথপুর ইউনিয়নের কৈবর্তপাড়া মোড়ের ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।  

অভিযানে এইচএম ব্রিক্স, এমবি ব্রিক্স ও বিএম ব্রিক্স বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার বলেন, ইটভাটা প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়। পর্যায়ক্রমে পার্বতীপুরের সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।