ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি একাধিক অর্থঋণের মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার সন্ধ্যায় র‍্যাব-১০ উপপরিচালক (অপস অফিসার) আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি জানান। বাপ্পাদিত্যের বাড়ি যশোরে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে। সাবেক এই ছাত্রনেতা একটি অর্থঋণ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য একাধিক অর্থঋণের মামলায় পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন বলেও জানিয়েছেন।