আমরা ঠিকমতো দায়িত্ব পালন করলে মানুষের ভাগ্য উন্নয়ন হবে: সালমান এফ রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এবং টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সালমান এফ রহমান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এদিন কার্যালয়ে পৌছালে সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তিনটি প্রতিনিধি দল।

এছাড়াও তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম।

মধ্যম আয়ের বাংলাদেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শিল্পক্ষেত্রের অব্যাহত উন্নতি নিশ্চিতকল্পে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন। সেভাবেই সকল কর্মকর্তা-কর্মচারী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

এ সময় সালমান এফ রহমান সবার পারস্পারিক সহযোগিতা ও প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়িত হবে বলে আশা ব্যক্ত করেন।